চট্টগ্রামের আনোয়ারায় গাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে আবুল হাশেম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আহমদ নূর মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ আবুল হাশেম ওই এলাকার মৃত আহমদ নূর মিয়ার ছেলে।
নিহতের স্বজনেরা জানান, রোববার সকালে নিজ বাড়ির একটি গাছের ডালপালা ছাঁটাই করার জন্য গাছে ওঠেন আবুল হাশেম। ডাল কাটার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আতিব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আবুল হাশেমের মৃত্যু হয়েছিল। স্বজনদের মাধ্যমে গাছ থেকে পড়ে যাওয়ার বিষয়টি জানার পর থানায় খবর দেওয়া হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে ও ঘটনার বিবরণ শুনে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
