গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ এএম

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক আহত হলেও বাসের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গিয়ে সড়কের সঙ্গে ঘর্ষণ হতে থাকে। এতে সৃষ্ট স্ফূলিঙ্গ থেকে বাসে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, আগুন লাগার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করা হয় এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।

এদিকে দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। আহত মোটরসাইকেল চালককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর