গায়ানার রাজধানী জর্জটাউনে নতুন একটি কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে বিদ্যমান বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলো থেকে প্রয়োজনীয় জনবল নিয়োগ করা হবে। মিশনটি পরিচালনা করবেন একজন ফাস্ট সেক্রেটারি বা কাউন্সিলর।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ছয়টি অধ্যাদেশ, তিনটি প্রস্তাব এবং একটি নীতি আদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এ ছাড়া গতকাল অনুমোদিত অন্যান্য অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে— কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬, জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, বাংলাদেশ প্রাণী ও প্রাণিজাত পণ্য সঙ্গনিরোধ অধ্যাদেশ-২০২৬, আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬ এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৬। পাশাপাশি প্রতি বছর ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ হিসেবে উদযাপনের একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
