গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ এএম

নাটোরের গুরুদাসপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দেন ধর্ষণের শিকার ওই নারী। এ ঘটনায় পলাতক রয়েছেন ইউপি চেয়ারম্যান।

অভিযুক্ত মনিরুল ইসলাম দোলন উপজেলার খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাটোর-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের ভাতিজা। 

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাহ বিচ্ছেদের পর থেকে বাবা-মায়ের বাড়িতে বসবাস করছেন ওই নারী। সোমবার সকাল ৮টার দিকে বিধবা ভাতা ও উপবৃত্তির টাকা পাওয়ার বিষয়ে কথা বলতে ইউপি চেয়ারম্যান দোলনের বাড়িতে যান তিনি।

অভিযোগে তিনি উল্লেখ করেন, কথাবার্তার একপর্যায়ে চেয়ারম্যান বলেন, প্রয়াত সাংসদ আব্দুল কুদ্দুসের মেয়ে ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি কোহেলী কুদ্দুস মুক্তি তাদের বাড়িতে এসেছেন। তার বাড়ি চেয়ারম্যানের বাড়ির পাশে হওয়ায় তিনি মুক্তির সঙ্গে দেখা করতে যান। তার পিছু নেন চেয়ারম্যান। গেট খুলে বাড়িতে প্রবেশ করলে ইউপি চেয়ারম্যান ও প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, বাড়িতে প্রবেশ করার পর কাউকে দেখতে না পেয়ে মুক্তির বিষয়ে জানতে চাইলে টালবাহানা করতে থাকেন তিনি। উত্তর না পেয়ে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকেন ভূক্তভোগী নারী। একপর্যায়ে তাকে পিছন থেকে জোরপূর্বক ধরে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

তিনি জানান, তার ডাক চিৎকারে ঘটনাস্থল থেকে চলে যান ইউপি চেয়ারম্যান। পরে তিনি থানায় গিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বক্তব্য নিতে ইউপি চেয়ারম্যান দোলনের সঙ্গে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি। একপর্যায়ে তিনি মোবাইল বন্ধ করে দেন। এতে চেয়ারম্যানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, ইতোমধ্যে অভিযোগটি মামলায় রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত সেই চেয়ারম্যানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর