রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে অনুমতি ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন ভারতের নয় উচ্চপদস্থ কর্মকর্তা। নিরাপত্তাহীনতার কথা বলে তারা শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলে যান। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানিয়েছে রামপাল তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।
সূত্রে জানা যায়, শনিবার সকালে কেন্দ্রের ডাইনিং টেবিলে ওই কর্মকর্তাদের না পেয়ে কর্তৃপক্ষ খোঁজ শুরু করে। পরে জানা যায়, তারা কাউকে কিছু না জানিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন। যাওয়ার পর প্রকল্প পরিচালক রামানাথ পুজারীর সঙ্গে যোগাযোগ করলে তারা নিরাপত্তাহীনতার কারণ উল্লেখ করেন।
যাঁরা বাংলাদেশ ছেড়েছেন, তাঁরা হলেন-ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) থেকে প্রেষণে নিয়োগপ্রাপ্ত জিএম সিউজ প্রতীক বর্মন, বিশ্বজিৎ মন্ডল, এন সূর্যপ্রকাশ রায়, এজিএম কেসাবা পলাকী, পাপ্পু লাল মিনা, ডিজিএম সূর্যকান্ত মন্দেকার, সুরেন্দ্র লম্বা, অর্নিবাণ সাহা এবং সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম বলেন, অনুমতি ছাড়াই তারা চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কেন তারা এভাবে চলে গেলেন, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
প্ল্যান্ট এলাকায় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ চার স্তরের নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। তবুও ভারতীয় কর্মকর্তারা নিরাপত্তাহীনতার অভিযোগ করলেন-এ প্রশ্ন উঠছে। উল্লেখ্য, বাংলাদেশ ছাড়ার আগে তারা এ বিষয়ে কোনো অভিযোগ দেননি
উল্লেখ্য, রামপাল তাপবিদ্যুৎটি নির্মাণে ভারত সরকার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা করছে বাংলাদেশকে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে।
