চট্টগ্রামে ভুয়া পুলিশ পরিচয়ে তরুণীসহ দুই প্রতারক আটক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১১:৪২ এএম

চট্টগ্রামে পুলিশ পরিচয় প্রদানকারী নারীসহ দুই প্রতারককে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ মে) রাতে গণমাধ্যমে বিষয়টি জানান সিএমপি পশ্চিম ডিভিশনের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান।

তিনি জানান, মঙ্গলবার (১৪ মে) শাহনাজ আক্তার শান্তা (১৯) নামে এক নারী প্রতারক নগরীর ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদে অবস্থিত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম)-এর কার্যালয়ে উপস্থিত হয়ে নিজেকে পুলিশের নারী কনস্টেবল পরিচয়ে দিয়ে তার চাচা মোঃ মনির মিয়া (৫১)-এর আটক ভ্যানগাড়ি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। সেখানে তার কথোপকথনে তাকে সন্দেহ করে সংশ্লিষ্ট কর্মকর্তা।

সংবাদ পেয়ে সন্ধ্যা সাতটায় ডবলমুরিং মডেল থানা পুলিশ তাকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে মৌলভীপাড়াস্থ তার ভাড়া বাসায় রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে পুলিশের ইউনিফর্মের ২টি শার্ট, ১টি প্যান্ট, পুলিশের বেল্ট ও ক্যাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইউনিফর্মের শার্টের মধ্যে একটিতে ডিএমপির মনোগ্রাম, অন্যটিতে সিএমপির মনোগ্রাম আছে। চাচা পরিচয়দানকারী ভ্যানগাড়ি মালিক মনির মিয়া পুলিশ পরিচয়দানকারী শাহনাজ আক্তারের চাচা নন বলে জানা যায়।

আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর