চট্টগ্রামে শর্টগান ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দুই যুবক গ্রেপ্তার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১২:৫০ পিএম

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার কামরাবাদ এলাকার আতুরার ডিপো থেকে একটি দেশীয় তৈরি শর্টগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন।

তিনি বলেন, শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে স্পেশাল-৩৪ ডিউটির অংশ হিসেবে কামরাবাদের আতুরার ডিপো এলাকায় সৈয়দ কোম্পানির বিল্ডিংয়ের নিচতলায় মেসার্স রাইসা স্টোরের সামনে চেকপোস্ট পরিচালনার সময় চেকপোস্ট দেখে সন্দেহজনকভাবে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মোঃ তৌহিদুল ইসলাম সামির (২২), বায়েজিদ বোস্তামী থানার পূর্ব শহীদনগর এলাকার বাসিন্দা এবং মোঃ আলমগীর হোসেন সজীব (২০), কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকায় বসবাস করছিলেন।

তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে একটি লোহার তৈরি দেশীয় শর্টগান এবং পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর