চট্টগ্রাম নগরের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হাসপাতালের শয্যাসংখ্যা বাড়িয়ে ১০০-তে উন্নীত করা হচ্ছে। রোগীর চাহিদা বাড়ায় হাসপাতালটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে হাসপাতালটির আইএসও সনদ অর্জন উদযাপন করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রামে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে চিকিৎসাসেবার চাহিদাও বাড়ছে। সরকারি হাসপাতালগুলোকে প্রতিনিয়ত বাড়তি রোগীর চাপ সামলাতে হচ্ছে। এ পরিস্থিতিতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও চিকিৎসাসেবা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সাজিনাজ হাসপাতাল রোগীবান্ধব পরিবেশ ও সেবার মান ধরে রেখে মানুষের আস্থা আরও বাড়াবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মেয়র শাহাদাত হোসেন অনুষ্ঠানে চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির পরিসংখ্যান তুলে ধরেন। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে আইএসও সনদ অর্জনের জন্য হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান।
হাসপাতালটির চেয়ারম্যান, ব্যবসায়ী ও সমাজসেবক সফিকুল ইসলাম বলেন, মানবসেবার লক্ষ্য নিয়েই সাজিনাজ হাসপাতালের যাত্রা শুরু। রোগীদের আস্থাকে গুরুত্ব দিয়ে প্রচলিত সেবার গণ্ডি ছাড়িয়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে। রোগী ও তাদের স্বজনদের আস্থার প্রতিদান দিতেই হাসপাতালটির শয্যাসংখ্যা বাড়িয়ে ১০০-তে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ভবন সেই উদ্যোগেরই অংশ।
তিনি আরও বলেন, সাজিনাজ হাসপাতাল ইতোমধ্যে আইএসও সনদ অর্জন করেছে। ভবিষ্যতে আইএসও সনদ অর্জন এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) সদস্য হওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. তমিজউদ্দীন মানিক, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী এবং ডা. এস এম সরওয়ার আলম।
এ ছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক সৈয়দ আজম উদ্দীন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহেদ, শিল্পপতি ও নোয়াখালী সমিতির সভাপতি শাহ জালাল উদ্দীন লিটন, জিয়া পরিষদের সভাপতি ও নোয়াখালী সমিতির মহাসচিব জসীম উদ্দিন ফিরোজসহ হাসপাতালের পরিচালক মমিনুল ইসলাম, হাসান মাহমুদ চৌধুরী, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. ফারুক হোসেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
