চট্টগ্রামে ৫ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২ অক্টোবর ২০২৬, ০৬:২৮ এএম

চট্টগ্রামের কর্ণফুলীতে কোচিং ও মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া শিক্ষার্থীরা হলো, স্টুডেন্ট কেয়ার মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র দিহান এবং ওমরা মিয়া এরশাদিয়া সুরাইয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কামরুল ইসলাম বাপ্পি। 

পৃথক এ দুই ঘটনার পর কয়েকদিন অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারগুলো।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) পর্যন্ত দিহানের কোনো সন্ধান পাওয়া যায়নি। গত রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার হাজীবাড়ির বাসার পাশ থেকে সে নিখোঁজ হয়। দিহান কর্ণফুলীর স্টুডেন্ট কেয়ার মডেল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। নিয়মিত কোচিংয়ে যাওয়া দিহান ঘটনার দিন বাসা থেকে বের হওয়ার পর সকাল ৮টার দিকে কোচিং থেকে তার বাবাকে ফোন করে জানানো হয়, সে সেখানে যায়নি।

আত্মীয়স্বজন, স্কুলসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে দিহানের বাবা মহিউদ্দিন ২৯ সেপ্টেম্বর কর্ণফুলী থানায় জিডি করেন। জিডি নম্বর ১৫৭২ এবং ট্র্যাকিং নম্বর UBUTEW।

মহিউদ্দিন বলেন, ‘প্রথমে মনে করেছিলাম হয়তো রাগ করে কোথাও গেছে। রাতে বাড়িতে না ফেরায় আত্মীয়স্বজন, স্কুলসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কোথাও পাওয়া যায়নি। পরে পুলিশকে জানিয়ে জিডি করেছি। আজ পাঁচ দিন হয়ে গেল, এখনো কোনো খোঁজ না পাওয়ায় আমরা খুবই টেনশনে আছি।’

নিখোঁজের সময় দিহানের পরনে সবুজ রঙের পাঞ্জাবি ছিল। তার বয়স ১২ বছর, গায়ের রং শ্যামলা এবং চুল ছোট ও কালো। তার সন্ধান পেলে ০১৮৫২-২৩২২৫০৫ অথবা বাবা মহিউদ্দিনের ০১৮২৬-১১৫৬৩৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পর নিখোঁজ হয় কামরুল ইসলাম বাপ্পি। সে কর্ণফুলীর ওমরা মিয়া এরশাদিয়া সুরাইয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসায় যাওয়ার পর আর বাড়িতে ফেরেনি সে।

এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর কর্ণফুলী থানায় জিডি করেন তার বাবা বাহাদুর ইসলাম। জিডি নম্বর ১৬২৮, ট্র্যাকিং নম্বর U6TW71। জিডির তথ্য অনুযায়ী, বাপ্পির বয়স ১৪ বছর, গায়ের রং শ্যামলা, শারীরিক গড়ন লম্বা এবং সে আঞ্চলিক ভাষায় কথা বলে। তার ঠিকানা উত্তর শিকলবাহা, শিকলবাহা, কর্ণফুলী, চট্টগ্রাম।

বাপ্পির সন্ধান পেলে ০১৭০৮৮৯৪৩৯৬ নম্বরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, ‘দিহানের বিষয়ে আমরা খোঁজখবর নিয়েছি। তার স্কুলে গিয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলা হয়েছে। সে স্কুলের শিক্ষার্থী, এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। সকালে বাইরে বের হয়ে আর ফিরে আসেনি। বাপ্পির বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে পুলিশের টিম প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর