চট্টগ্রাম বন্দরে গমের চালান স্বাগত জানালেন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের একটি বড় চালানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। চালানটি এক লাখ ৭৩ হাজার মেট্রিক টনের বেশি গম সরবরাহের করা হয়েছে। এর মধ্যে ওয়াশিংটন, ওরেগন ও আইডাহো থেকে প্রায় এক লাখ ১৫ হাজার  মেট্রিক টন সাদা গম এবং মনটানা ও নেব্রাস্কা থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন হার্ড রেড উইন্টার জাতের গম রয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্র দূতাবাস পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যিক সহযোগিতা জোরদার ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে মার্কিন রাষ্ট্রদূত বন্দর পরিদর্শন করেন।

এতে বলা হয়, গত বছর জুলাই মাসে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ কর্তৃক মনোনীত গমচাষিদের বাণিজ্য সংগঠন ইউ এস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউএ) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। যার আওতায় ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতি বছর সর্বোচ্চ ৭ লাখ মেট্রিক টন যুক্তরাষ্ট্রের গম ক্রয় করবে।

সমঝোতা স্মারকের অধীনে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্পের মাধ্যমে তিনটি বিক্রয় চুক্তিতে বাংলাদেশ আনুমানিক ৬ লাখ ৬০ হাজার মেট্রিক টন গম কিনেছে। এর মধ্যে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টনেরও বেশি এরই মধ্যে দেশে পৌঁছেছে।

এসব চুক্তির ফলে একদিকে যুক্তরাষ্ট্রের কৃষক ও ব্যবসায়ীদের জন্য নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে বাংলাদেশের মানুষের জন্য পুষ্টিকর গমের সরবরাহ নিশ্চিত হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন