লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে আরাফাত সায়েম ও ইকরামুল হাসান মিনহাজ নামের ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে পৃথক স্থান থেকে নিখোঁজ হয় তারা। চার দিনেও তাদের সন্ধান পায়নি পরিবার। এতে তাদের স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রায়পুর থানায় পৃথক দুটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর শিক্ষার্থী দুজন নিখোঁজ হয় বলে জানায় তাদের পরিবার।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- উপজেলার কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাকির হোসেনের ছেলে আরাফাত সায়েম (১৪) এবং চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের ছেলে ইকরামুল হাসান মিনহাজ (১৪)। সায়েম রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তারা একে-অপরের বন্ধু বলে জানা গেছে।
শিক্ষার্থীদের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শিশু সায়েম ও মিনহাজ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেলে নির্ধারিত সময় পার হয়ে গেলেও তারা বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা সায়েম ও মিনহাজের বন্ধু, সহপাঠী, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের বাসাবাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস পায়নি। পরদিন সোমবার রাতে দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে রায়পুর থানায় পৃথক দুটি নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া কালবেলাকে বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় পৃথক দুটি জিডি হয়েছে। মঙ্গলবার রাতে তাদের মোবাইল নম্বর ট্যাকিং করলে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় শনাক্ত হয়৷ পরে আবার ফোন বন্ধ পাওয়া যায়। তাদেরকে উদ্ধারে খোঁজ চালানো হচ্ছে।
