খাগড়াছড়ির মানিকছড়িকে লেকের পানিতে ডুবে আমেনা আক্তার (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার একসত্যাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমেনা আক্তার একসত্যাপাড়া এলাকার বাসিন্দা মো. খোরশেদ আলম ও নাছিমা বেগম দম্পতির বড় মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর ১টার দিকে আমেনা ও তার ছোট বোন বাড়ির পাশের লেকের গোসল করতে নামেন। এ সময় অসাবধানতাবশত আমেনার ছোট বোন পানিতে তলিয়ে যায়। এ সময় বোনকে উদ্ধার করে নিজেই লেকের পানিতে তলিয়ে যায় আমেনা আক্তার। পরে আশপাশের লোকজন এসে খোঁজাখুঁজির পর বিকালের দিকে আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
