সরকার জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, অন্যায় ও জুলুমের প্রতিবাদে তারা সহিংসতার পথ বেছে নেবেন না; বরং কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করবেন।
আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন দলীয় নেতা মো. সিরাজুল ইসলামের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিরাজুল ইসলাম (৭৮) শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি গত বৃহস্পতিবার শেরপুর-৩ আসনের নির্বাচনের দিন প্রতিপক্ষের হামলায় আহত হয়ে তিনি বর্তমানে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শফিকুর রহমান বলেন, “সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, জনগণকে দেওয়া ওয়াদা লঙ্ঘন করেছে। অন্যায় করেছে, জুলুম করেছে এবং জনগণকে অপমান করেছে। তবে আমরা সেই অপমানের প্রতিশোধ মারামারি করে নেব না; কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করব।”
গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো ধরনের আপস করা হবে না। “জাতির জন্য আরও ত্যাগ স্বীকার করতে হলেও আমরা প্রস্তুত। জনগণের অধিকার থেকে এক চুলও ছাড় দেওয়া হবে না বলেন তিনি।”
বিরোধীদলীয় নেতা বলেন, সহিংসতার মাধ্যমে ক্ষমতায় গিয়ে জনগণের সেবা করা সম্ভব নয়। মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হয়ে সংসদে যেতে হবে। যদি মানুষের জীবনই নিরাপদ না থাকে, তবে সেই প্রতিনিধিত্বের কোনো মূল্য নেই, মন্তব্য করেন তিনি।
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে যেন কোনো নির্বাচনে সহিংসতা না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হবে। ‘আমরা চাই আদর্শের লড়াই হোক, হাতের বা অস্ত্রের লড়াই নয়, বলেন তিনি।’
গত ৯ এপ্রিল শেরপুর ও বগুড়ায় অনুষ্ঠিত দুটি সংসদীয় আসনের নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, উভয় স্থানেই অনিয়ম, জালিয়াতি ও সহিংসতা হয়েছে। বিশেষ করে শেরপুর-৩ আসনের ঘটনাকে তিনি ‘বেদনাদায়ক’ হিসেবে উল্লেখ করেন।
স্বাস্থ্য খাতের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংখ্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, অনেক রোগী মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন, যা স্বাস্থ্যসেবায় জনগণের বঞ্চনার চিত্র তুলে ধরে। এ বিষয়ে সংসদে কথা বলার প্রতিশ্রুতি দেন তিনি।
সংসদ থেকে ওয়াকআউটের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘এটি কোনো দলীয় ইস্যু নয়; বরং জনগণের জীবন ও নিরাপত্তার প্রশ্নে প্রতিবাদ। পুলিশ সদস্যদের ন্যায্য বিচার না পাওয়ার বিষয়েও কথা বলতে চেয়েছিলেন, তবে সে সুযোগ পাননি বলে জানান তিনি।’
এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন ফুলের তোড়া দিয়ে তাঁকে স্বাগত জানান। এ ছাড়াও ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান, জেলা জামায়াতের আমির আবদুল করিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
