জরুরি ভিত্তিতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম

বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (৮ এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তিনটি পৃথক প্রস্তাব কমিটিতে উপস্থাপন করা হয়। এসব প্রস্তাবে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির কথা বলা হয়।

প্রথম প্রস্তাবে ইয়ার এনার্জি এজির কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়। দ্বিতীয় প্রস্তাবে কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানির কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ১০-৫০ পিপিএম ডিজেল আমদানির প্রস্তাব দেওয়া হয়। তৃতীয় প্রস্তাবে সিকদার ইন্টারন্যাশনালের কাছ থেকে আরও ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির অনুমোদন চাওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এসব প্রস্তাব উপস্থাপন করে এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা নীতিগতভাবে অনুমোদন দেয়।

এর আগে, শনিবার (৪ এপ্রিল) সরকারি ছুটির দিনেও সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর