জাতীয় পুরস্কারজয়ী শিল্প নির্দেশক তরুণ ঘোষ আর নেই

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ আর নেই। বুধবার  (৮ এপ্রিল) দিবাগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এজমা থেকে সৃষ্ট জটিলতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর।

১৯৫৩ সালের ২০ আগস্ট রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন তরুণ ঘোষ। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট (বর্তমান চারুকলা অনুষদ) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ভারতের বরোদার এম এস বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

মানুষের মনস্তাত্ত্বিক দিক ও এর পৌরাণিক প্রকাশ প্রাধান্য পেয়েছে তার আঁকায়। মানুষের মন ধরা থাকে চোখে, ধরা থাকে মুখের অভিব্যক্তিতে। অভিব্যক্তিপূর্ণ মুখ অমূল্য। মুখকে শিল্পরূপ দেওয়ার প্রবণতা থেকে তার ক্যানভাসে, বেহুলায়, সবচেয়ে বেশি উঠে এসেছে মুখের ছবি; চেনা-অচেনা মুখ, স্বপ্নে দেখা মুখ। 

তরুণ ঘোষ চিত্রশিল্পী হিসেবে যেমন স্বনামধন্য, তেমনি তার উজ্জ্বল পরিচিতি রয়েছে শিল্প নির্দেশক হিসেবেও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শিক্ষকদের তিনিও একজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিষ্যত্বের পাট শেষের পর, বৃত্তি নিয়ে ভারতের বরোদায় বিখ্যাত মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ে গিয়ে পান খ্যাতিমান শিল্পী কে জি সুব্রহ্মণ্যনের সান্নিধ্য। ক্রমশ সম্পূর্ণ দেশীয় সভ্যতা ও সংস্কৃতির গড়ে দেওয়া ধাঁচে তৈরি তার শিল্পশৈলী। বিচিত্র তার কর্মপরিসর।

দেশে আবু সাইয়ীদ পরিচালিত ‘কিত্তনখোলা’ চলচ্চিত্রের শিল্প নির্দেশনার জন্য পান শ্রেষ্ঠ শিল্প নির্দেশকের রাষ্ট্রীয় সম্মান। কাজী রকিব, সিলভেইন নাহমিয়াসের সঙ্গে শিল্প নির্দেশনা দিয়েছেন তারেক মাসুদ পরিচালিত বিখ্যাত ‘মাটির ময়না’ চলচ্চিত্রেও। দর্শনগত দিক থেকে তরুণ ঘোষ লৌকিক পুরাণঘেঁষা শিল্পী। মূলত মানুষই তার শিল্পের উপজীব্য। ধারাবাহিক চিত্র ‘বেহুলা’কে তার শ্রেষ্ঠ কাজগুলোর একটি হিসেবে গণ্য। এ ছাড়া ‘১৯৭১’ ধারাচিত্র সৃষ্টি করেছেন; যা বোদ্ধামহলে প্রশংসিত হয়েছে। মনে করিয়ে দেওয়া যেতে পারে, 

এমনকি১৯৮৯ সালে অনুষ্ঠিত প্রথম মঙ্গল শোভাযাত্রায় জাতীয় প্রতীক বাঘের পোস্টারটি শিল্পী তরুণ ঘোষের আঁকা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন