জাপা ছেড়ে কয়েক’শ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের রাজনীতিতে দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। জাতীয় পার্টি (জাপা) ছেড়ে গাজীপুর মহানগর ও কাশিমপুর থানা পর্যায়ের কয়েক’শ নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন। এ গণযোগদানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও রাজনৈতিক কৌতূহল সৃষ্টি হয়েছে।

শনিবার গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় কাশিমপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। এ সময় ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের দলে স্বাগত জানানো হয়। যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফারুক খান।

তিনি বলেন, একটি সুন্দর, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করবেন ইনশাল্লাহ। তার সঙ্গে কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতি মো. রুহুল আমিন দেওয়ানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

এ বিষয়ে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গাজীপুর মহানগর ও কাশিমপুর থানা জাতীয় পার্টির সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন, যা তৃণমূলে বিএনপির প্রতি জনগণের আস্থার প্রতিফলন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে শওকত হোসেন সরকারের বাসভবন প্রাঙ্গণে গাজীপুর-১ আসনের বিএনপির প্রার্থী মজিবুর রহমানের সমর্থনে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়, যেখানে জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শওকত হোসেন সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। যোগদানকারী নেতাকর্মীরা জানান, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থেই তারা জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া ও দলের পক্ষে সাংগঠনিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে জাতীয় পার্টির নেতাকর্মীদের এই গণযোগদান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় রাজনীতির সমীকরণে প্রভাব ফেলতে পারে এবং বিশেষ করে গাজীপুর-১ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও দৃঢ় হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন