জামায়াত আমিরের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ রোববার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সারাহ কুকের সঙ্গে বৃটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মিস কেট ওয়ার্ড উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিভিন্ন দিক এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে।

এছাড়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে বৈঠকে আশা করা হয়।

সাক্ষাৎকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর