জামালপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ পিএম







আসমাউল আসিফ : জামালপুরে ট্রাক চাপায় ইউসুফ আলী (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে জামালপুর সদর উপজেলার জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক সড়কের কুটামনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ইউসুফ আলী জামালপুর শহরের বিসিক শান্তিনগর এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীগামী সরিষাবোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক ইউসুফ আলী। তবে অটোরিকশায় কোন যাত্রী ছিলো না। এ সময় জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক সড়কে প্রায় একঘন্টা যানচলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক বলেন, কুটামনি এলাকায় ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহ থানায় আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন