জুরাছড়িতে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ এএম

জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকা দুমদুম্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গবাছড়ি বাজারে ভয়াবহ আগুনে অন্তত ৪০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সংঘটিত এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের মজুত করে রাখা ফুলঝাড়ু থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

এতে ব্যবসায়ীরা মালামাল কিংবা ঘরের আসবাবপত্র রক্ষা করার সুযোগ পাননি।
পুড়ে যাওয়া মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ফুলঝাড়ু, পাহাড়ি শুকনো হলুদ, বিভিন্ন দোকানের পণ্যসামগ্রী, একটি ফার্মেসি, বড় বাজারশেড এবং একাধিক বসতবাড়ি।

অগ্নিকাণ্ডে এলাকার চুমাচুমি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর ২৫ জন শিক্ষার্থীর পাঠ্যবই ও শিক্ষা উপকরণও পুড়ে গেছে। নতুন শিক্ষাবর্ষের বই ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

দুর্গম পাহাড়ি এলাকা ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা চাইতে পারেননি। নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

এলাকাটি উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন হওয়ায় স্থানীয়রা দৈনন্দিন প্রয়োজনেও পাশের বিলাইছড়ি উপজেলার ওপর নির্ভরশীল।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুমদুম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি রাজ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্গমতার কারণে তাৎক্ষণিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তার আবেদন করা হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন