জ্বালানি তেলের সরবরাহ বাড়াল বিপিসি

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১২:৩২ পিএম

দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে তেলের বরাদ্দ বাড়ানো হয়েছে। 

বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিসি এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভাগীয় শহরগুলোতে তেলের গড় বিক্রয় থেকে আগে যেখানে ২৫ শতাংশ সরবরাহ কমানো হয়েছিল, এখন তা কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে ফিলিং স্টেশনগুলো আগের তুলনায় ১০ শতাংশ বেশি তেল পাবে। বিপিসির অধীনে থাকা বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলারদের নতুন বরাদ্দ চার্ট অনুযায়ী দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এড়াতে গত রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু হয়। তবে এই সিদ্ধান্তের পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সরকার তেলের সরবরাহ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ বাড়ানোর ফলে পাম্পগুলোর ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষ সহজেই প্রয়োজন অনুযায়ী তেল সংগ্রহ করতে পারবেন। অপ্রয়োজনে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত না করার জন্যও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন