ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে নামলেন বাগেরহাটের এমপি মনজুরুল

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এবং জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এসময় ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা যায়।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি শামীম হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিচ্ছন্নতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি শেখ মনজুরুল হক রাহাদ বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত বাগেরহাট গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি সব নাগরিককে নিজ নিজ বাসা, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে একটি বাসযোগ্য ও সুস্থ শহর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান।

আয়োজকরা জানান, মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন