টঙ্গী ভয়াবহ অগ্নিকাণ্ডে বস্তির ৪০ ঘর পুড়ে ছাই

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পিএম

গাজীপুরের টঙ্গী নামাবাজার নিশাতনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০টি ঘর পুড়েছে বলে জানা যায়। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় মিস্টারের ঘরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নামাবাজার নিশাতবস্তির মিস্টারের ঘরে আগুন জ্বলতে দেখে বাসিন্দারা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে শিল্পী বেগম, সাখিনা বেগম ও ফালানের ঘরসহ আশপাশের ৩০ থেকে ৪০টি বস্তিঘরে আগুন ছড়িয়ে পড়ে।

টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে আনুমানিক ৩০ থেকে ৪০টি বস্তিঘর পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর