১ ফেব্রুয়ারি দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করেছে করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরুদ্দিনের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভাশেষে খাত সংশ্লিষ্টরা এ ঘোষণা দিয়েছে।
বিটিএমএর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংসদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যাসমূহ নিরসনকল্পে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাণিজ্য উপদেষ্টা স্পিনিং খাতের বিদ্যমান সমস্যাসমূহ গভীরভাবে পর্যালোচনা করেন, সমস্যার যৌক্তিকতা স্বীকার করেন এবং দেশের রপ্তানি বাণিজ্য ও শিল্পখাতে স্পিনিং শিল্পের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি সরকারের পক্ষ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যার কার্যকর, বাস্তবসম্মত ও ন্যায্য সমাধানে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফুর, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মিজ রহিমা বেগম, এনবিআরের শুল্ক নীতির সদস্য মুবিনুল কবীরসহ বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়া সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্ট শিল্প সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ। সভায় বিটিএমএ, বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিরা পৃথকভাবে তাঁদের স্ব স্ব প্রস্তাবনা ও দাবির যৌক্তিকতা উপস্থাপন করেন।
সভায় বাণিজ্য উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন, টেক্সটাইল ও স্পিনিং সেক্টরের বিদ্যমান সমস্যাসমূহ দ্রুততার সঙ্গে সমাধানে সরকার সম্পূর্ণরূপে বদ্ধপরিকর। এ লক্ষ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সংশ্লিষ্ট সকল অংশীজনের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে তিনি অবহিত করেন।
বিটিএমইএ জানিয়েছে, সরকারের সুস্পষ্ট আশ্বাস, চলমান ফলপ্রসূ আলোচনার ইতিবাচক অগ্রগতি এবং আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিএমএ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ ফেব্রুয়ারি সকল টেক্সটাইল মিল বন্ধ রাখার সিদ্ধান্ত আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছে।
বিটিএমএ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার স্পিনিং সেক্টরের বিদ্যমান সমস্যাসমূহ ন্যায্যতা, বাস্তবতা ও দ্রুততার ভিত্তিতে সমাধান করবে, যা দেশের রপ্তানি শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সুরক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ইতিবাচক অবদান রাখবে। সরকারের পরবর্তী পদক্ষেপ ও চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করে বিটিএমএ সময়োপযোগীভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
