ডা. বশিরের ওপর হামলায় ড্যাবের নিন্দা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

ডা. মো. বশির আহমেদ হৃদয়ের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব।

আজ বরিবার সন্ধ্যায় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এই বিবৃতিতে এ ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করা হয়।

ড্যাব নেতৃদ্বয় বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিনরাত নিরলস পরিশ্রমের মাধ্যমে জনগণের জীবন রক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। তারপরও চিকিৎসকদের প্রতি সহিংসতা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো অমানবিক কর্মকাণ্ড অত্যন্ত বেদনাদায়ক। এমন অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। দেশের সকল সরকারি ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোড়ালো আহ্বান জানিয়েছেন তারা।

বিবৃতিতে জানানো হয়, ২১ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে চাঁদপুর জেলার মতলবের গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছিলেন ডা. বশির। ফেরার পথে কালিপুর বাজার এলাকায় একদল সন্ত্রাসী বর্বর হামলা চালায়। সন্ত্রাসীরা বাটখারা দিয়ে আঘাত করে তার মাথায় ঘোরতর জখম করে। পরে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. বশির আহমেদ হৃদয়কে ঢাকায় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে রেফার করেন। বর্তমানে তিনি নিউরোসায়েন্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন