‘ডিসেম্বরে সরকার ফেলে দিতে চাওয়া ও স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র আছে’

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, একদল লং মার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে। আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায়। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী এগারো দলীয় নেতাদের উদ্দেশে বলেন, আপনারাই বলেন তেল নাই অথচ কয়েকশ গাড়ি নিয়ে রোড মার্চ করেন, তখন তেলের অভাব হয় না। আপনারা বলেন, আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দেবেন, ক্ষমতাচ্যুত করবেন। আজকের এ সভা থেকে বলতে চাই, আমরা জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণে, জনগণের সুখে-শান্তিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। 

তিনি বলেন, ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা এই দুঃসাহস রাখি- আগামী পাঁচ বছর পর আবার আমরা জনগণের মুখোমুখি হব। জনগণের কাছে কাজের হিসাব দেবো। যদি আমরা ভালো কিছু করতে পারি, জনগণ আমাদের সমর্থন দেবে। কিন্তু ভয় দেখিয়ে, ধাক্কা মেরে ফেলে দিয়ে, সরকারের পতন ঘটিয়ে দেবেন- ঐ স্বপ্ন যারা দেখেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা রাজপথে আছি, থাকব।

সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, ভিপি জলিল, আবু সালেহ চৌধুরী, একেএম গোলাম কবির কামাল, রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন