ঢাকায় ভিসা সেবা চালু করতে চায় মাল্টা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম

বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য ঢাকায় ভিসা সেবা চালুর প্রস্তাব দেওয়ায় মাল্টার প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এতে সময় ও খরচ কমবে এবং দু’দেশের জনগণের মধ্যে সম্পৃক্ততা বাড়বে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মাল্টার হাইকমিশনার রিউবেন গাউসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রতিমন্ত্রী এ প্রস্তাবের প্রশংসা করেন।

শামা ওবায়েদ ইসলাম প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় হাইকমিশনার তাকে অভিনন্দন জানান এবং নতুন সরকারের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

উভয় পক্ষ বাণিজ্য ও ব্যবসা, শিক্ষা, লিঙ্গ সমতা এবং অভিবাসন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন তারা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের (২০২৬-২০২৭ মেয়াদে) সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য মাল্টার সমর্থন কামনা করেন প্রতিমন্ত্রী।

দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি অনুসরণের গুরুত্বের ওপর জোর দেয় উভয় পক্ষ। তারা আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়েও মতবিনিময় করেন এবং শান্তি, স্থিতিশীলতা এবং শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর