ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি শ্রী মোহন লাল (৫৫) নামের এক ভারতীয় নাগরিক মারা গেছেন। বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে কারারক্ষীরা তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারাসূত্রে জানা যায়, পদ্মা সেতু (দক্ষিণ) থানার মামলায় আসামি মোহন লাল নামে এই ভারতীয় নাগরিক। তার বাবার নাম চিন্তা সিং। শরীয়তপুর জেলা কারাগারে অসুস্থ বন্দি ছিলেন তিনি। সেখানে অসুস্থ হয়ে পড়লে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল তাকে।
