ঢাক বাজিয়ে ৪৮ বছর পর জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ এএম

ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমির সীমানা নির্ধারণ করে মালিককে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে। আদালতের নির্দেশে ৪৫ বছর আগের ৪ একর ৯ শতক জমির দখল পেয়েছে একটি পরিবার।

জানা যায়, উপজেলা বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা মলকা বানু গংয়ের সঙ্গে আবদুস সোবহানের মধ্যে ১৯৮১ সালে ৪ একর ৯ শতক জমি নিয়ে বিরোধ সৃষ্টি হলে মলকা বানু আবদুস সোবহানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। একপর্যায়ে মামলার বাদী-বিবাদী মারা গেলেও তাদের উত্তরসূরীরা মামলাটি চালিয়ে যান।

রোববার দুপুর ১২টার দিকে আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির, সার্ভেয়ার, অ্যাডভোকেট কমিশনার ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে জমিতে থাকা অবৈধ স্থাপনা ঘরবাড়িসহ উচ্ছেদ করা হয়। এরপর লাল পতাকা টাঙিয়ে জমির সীমানা নির্ধারণ করে মলকা বানুর বোন মরিয়ম বেগমকে দখল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ঢাক পিটিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে ৪ একর ৯ শতক জায়গা নিয়ে বিরোধ লাগে স্থানীয় মালখা বানু গং ও আবদু সোবহানের। এরপর বাদী মালকাবানু জমি উদ্ধারের পটিয়া আদালতে একটি দেওয়ানি মামলা করেন। ২০২৫ সালে ওই মামলার রায়ে মালখা বানু গং জায়গার মালিক হিসেবে চিহ্নিত করা হয়। রায়ে আদালত ওই জমি মালখা বানু গংকে দখল করে দিতে প্রশাসনের প্রতি নির্দেশ দেন।

মালকাবানুর ছেলে আহমদুল হক বলেন, আবদুস সোবাহান গংদের পরিবারের সদস্য বেশি থাকায় তারা আমাদের মা-বাবার মালিকানা সম্পত্তি জোর করে দখলে নেয়। পরে আমাদের মা-বাবারা আদালতের শরনাপন্ন হন। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি ন্যায়বিচার পেয়েছি। তবে আমাদের আফসোস, আমাদের মা-বাবারা জমিটি নিজের দখলে দেখে যেতে পারেননি। আইনি লড়াইয়ের ৪৫ বছর পর শেষ পর্যন্ত সেই জমির দখল ফিরে পেয়েছি।

পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের নাজির অনি গুপ্ত বলেন, আদালতের রায়ের প্রেক্ষিতে ঢাকঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় কোনো ধরনের ঝামেলা হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার বলেন, আদালতের নির্দেশে আমরা বাদী পক্ষকে জমি বুঝিয়ে দিয়েছি। এ সময় কোনো ধরনের ঝামেলা হয়নি। ঘটনাস্থলে বাদী ও বিবাদীর লোকজন উপস্থিত ছিল।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর