তারাবি নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ এএম

যশোরের শার্শা উপজেলায় আলামিন হোসেন (৩৮) নামে এক গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার গাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলামিন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। এ সময় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে আলামিনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

শার্শা থানার ওসি মারুফ হাসান বলেন, “হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব শত্রুতা বা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর