আগামী ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি হযরত শাহপরাণ (রহ.)–এর মাজারও জিয়ারত করবেন।
আজ শনিবার (১০ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির রীতি অনুযায়ী, দলটির প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন। তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন বলে জানা গেছে।
গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। পরে ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়। সে ঘটনার ১০ দিন পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন।
