ইসি সচিব আখতার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন।
আজ শনিবারর সাংবাদিকদের তিনি জানান, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার রয়েছে। যেকোনো প্রাপ্তবয়স্ক ও ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার। সেই বিবেচনায় তারেক রহমান ও জাইমা রহমানকে ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকায় নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ইসি সচিব বলেন, নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে তারা ফর্ম-২ পূরণ করেছেন, ছবি তোলা হয়েছে এবং বায়োমেট্রিক তথ্য দিয়ে আবেদন করেছেন। যাতে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। আগামীকাল সোমবার এই বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করা হবে। কমিশনের সিদ্ধান্তের পর তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
আখতার আহমেদ আরও বলেন, নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হলেও পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগে। কারণ, আবেদন আপলোড করার পর তাদের আঙুলের ছাপ, স্বাক্ষর, মুখচ্ছবি ও আইরিশ তথ্য মিলিয়ে দেখা হয়। সব তথ্য সঠিকভাবে মিলে গেলে তবেই ভোটার হিসেবে নিশ্চিত করা হয় এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দেওয়া হয়। এই প্রক্রিয়াটি আজকের মধ্যেই শেষ হতে পারে।
তিনি জানান, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি চলমান প্রক্রিয়া হলেও ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সঙ্গে এর সম্পর্ক রয়েছে। সে কারণে বিষয়টি কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
ইসি সচিব বলেন, কমিশনের অনুমোদন দুইভাবে হতে পারে। আনুষ্ঠানিক সভার মাধ্যমে অথবা নথি নিষ্পত্তির মাধ্যমে। কমিশন যে পদ্ধতিতে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী নথি উপস্থাপন করা হবে। কমিশন সভা করতে চাইলে সভা হবে, আর নথির মাধ্যমেই অনুমোদন দিলে সেটিও কমিশনের এখতিয়ার। আমার দায়িত্ব হলও বিষয়টি কমিশনের কাছে উপস্থাপন করা, যা আগামীকালই করা হবে।
