দল-মত নির্বিশেষে দেশসেবার অঙ্গীকার নবনিযুক্ত পানিসম্পদ মন্ত্রীর

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

সব ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নতুন যাত্রায় সবার সমর্থন প্রত্যাশা করেন। মন্ত্রী বলেন, ‘এই দায়িত্বটি অত্যন্ত গুরুতপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষা এবং অনেক প্রতিকূলতা পার করে আমরা আজ এই অবস্থানে এসেছি। আমি যেন দল-মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে দেশের সেবা করতে পারি, সে জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তিনি আরও যোগ করেন, ‘অতীতের প্রতিকূল সময়গুলোতে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বর্তমান দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, সরকারের লক্ষ্য বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করবো। দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করব।’

এর আগে, সকালে পানিসম্পদ মন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও প্রতিমন্ত্রীবৃন্দ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, আজ বিকেলেই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, উক্ত বৈঠকে সরকারের প্রাথমিক অগ্রাধিকার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর