কিশোরগ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক কিশোরদের ছাড়িয়ে নিতে কুমিল্লার দাউদকান্দি থানায় ঢুকে হট্টগোল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। এ সময় থানার ভেতরে বিশৃঙ্খলার সুযোগে দরজা ভেঙে ১৭ কিশোর পালিয়ে গেছে বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র।
বুধবার রাত আটটার দিকে দাউদকান্দি থানায় এ ঘটনা ঘটে। পরে থানার ভেতরের হট্টগোল ও বিশৃঙ্খলার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও দুটিতে দেখা যায়, থানার বিভিন্ন কক্ষে নারী, পুরুষ ও কিশোরসহ বেশ কয়েকজন অবস্থান করছেন। এ সময় তাদের মধ্যে হট্টগোল ও উত্তেজনা দেখা যায়। একপর্যায়ে থানার ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা থেকে কুমিল্লার সব থানায় একযোগে কিশোরগ্যাংবিরোধী অভিযান শুরু হয়। দাউদকান্দি থানা ও গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।
একটি সূত্রের দাবি, দাউদকান্দিতে মোট ৫৯ জনকে আটক করা হয়েছিল।
আটকের খবর ছড়িয়ে পড়ার পর কিশোরদের অভিভাবক ও স্বজনেরা থানায় ভিড় করতে থাকেন। একপর্যায়ে তারা থানার ভেতরে ঢুকে আটক কিশোরদের ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ।
এ সময় হট্টগোলের পাশাপাশি থানার আসবাবপত্র ও দরজা ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই বিশৃঙ্খলার মধ্যেই আটক কিশোরদের কয়েকজন থানা থেকে পালিয়ে যায়।
নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি, থানার হেফাজত থেকে ১৭ কিশোর পালিয়ে গেছে। তবে ওই সময় থানায় মোট কতজন কিশোরকে আটক করা হয়েছিল এবং তাদের মধ্যে ঠিক কতজন পালিয়েছে, সে বিষয়ে পুলিশের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ সাংবাদিকদের বলেন, কিশোরগ্যাংয়ের সদস্যদের ধরতে বুধবার সন্ধ্যা থেকে একযোগে অভিযান শুরু করা হয়। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আটকের খবর পেয়ে তাদের আত্মীয়-স্বজনেরা থানায় এসে হট্টগোল শুরু করেন। লোকজনের ভিড়ে কয়েকটি চেয়ার উল্টে যায়।
থানার দরজা ভেঙে ১৭ কিশোর পালিয়ে যাওয়ার অভিযোগ নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেলেও এ বিষয়ে ওসির কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, জেলার ১৮টি থানায় বুধবার রাতে একযোগে কিশোরগ্যাংবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।
সাম্প্রতিক অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোরগ্যাং নিয়ে আলোচনা ও উদ্বেগের মধ্যে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
দাউদকান্দি থানায় হট্টগোল, ভাঙচুর এবং আটক কিশোরদের পালিয়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
