ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই নিজেদের দাপট দেখাল জিম্বাবুয়ে। টস জিতেই প্রথমে ব্যাট করার কঠিন সিদ্ধান্ত নেয় সিকান্দার রাজার দল। শুধু তাই নয়? মাত্র ২৪ রানে প্রথম সারির ৩ উইকেট হারিয়ে ফেললেও এরপর দাপুটে ব্যাট করে যায় টেইলর-আরভিনরা। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে ২৭১ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় জিম্বাবুয়ে।
আবুধাবিতে তাসকিন আহমেদের তোপে প্রথম পাওয়ারপ্লেতেই ৩ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞতায় টইটম্বুর ব্রেন্ডন ট্রেইলর ও ক্রেইগ আরভিন। এই দুজন মিলে গড়েন ১৫০ রানের মহাকাব্যিক জুটি। এই জুটি ভাঙার পর দ্রুত আরও ৪ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে কিছুটা কমে বেঁধে ফেলার আভাস দিয়েছিল বাংলাদেশ। কিন্তু তা আর হলো কই?
নবম উইকেট জুটিতে দুই বোলার নিউম্যান নিয়ামহুরি ও ওয়েলিংটন মাসাকাদজা মিলে গড়লেন ২৬ বলে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি। এতেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য ছুড়ে দিল জিম্বাবুয়ে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সর্বশেষ ১০ ম্যাচের ৮টিতেই আগে ব্যাটিং করা দল জিতেছে। এই সময়ে ২৬০ রানের বেশি তাড়া করে কেউ জিততে পারেনি। ম্যাচটা জিততে হলে তাই বাংলাদেশের ব্যাটারদের বড় পরীক্ষা দিতে হবে।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেছেন আরভিন। টেইলর করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮১। এই ইনিংস খেলার পথে রেকর্ড গড়েন টেইলর। কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ারকে (৬৭৮৬) ছাড়িয়ে তিনিই জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক (৬৮৩৭)।
৪৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। সাইফ হাসান ও শরীফুল ইসলামের শিকার ২টি করে।
