প্রায় দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে এই সেবা চালু হয়, যা দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ হাই কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে ভারতীয় নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে সিলেটে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ইট নিক্ষেপের ঘটনার পর দুই দেশই তাদের ভিসা কার্যক্রম স্থগিত করে দেয়।
তবে সম্প্রতি বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দুই দেশের মধ্যকার সম্পর্ক আবারও স্বাভাবিক হতে শুরু করে। নতুন সরকার শপথ নেওয়ার তিন দিনের মাথায় এই ভিসা কার্যক্রম চালু হলো। এর আগে বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা খুব শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে।
সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।
