দুই শিক্ষকের নামে কাফনের কাপড় পাঠানোয় আতঙ্ক

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ এএম

নাটোরের গুরুদাসপুর উপজেলায় রোজী মোজাম্মেল মহিলা কলেজের দুই সহকারী অধ্যাপকের নামে ডাকযোগে কাফনের কাপড় পাঠানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে ঘিরে কলেজের শিক্ষক-কর্মচারীসহ স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এটি পরিকল্পিত হুমকি কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, রোববার কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ার হোসেন ও মো. আব্দুস সামাদের নামে স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে পৃথকভাবে কাফনের কাপড় পাঠানো হয়। পার্সেলগুলো গ্রহণের পর বিষয়টি জানাজানি হলে সহকর্মীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী দুই শিক্ষক জানান, এ ধরনের ঘটনা তাদের জন্য সরাসরি প্রাণনাশের হুমকির ইঙ্গিত বহন করে। তারা বলেন, ‘আমরা শিক্ষকতা পেশায় নিয়োজিত। কোনো বিরোধ বা শত্রুতা আছে বলে আমাদের জানা নেই। হঠাৎ এভাবে কাফনের কাপড় পাঠানোয় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’ তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

কলেজ সূত্রে জানা যায়, সম্প্রতি প্রতিষ্ঠানটিতে পরিচালনা পর্ষদের সভাপতির পরিবর্তন হয়েছে। এ প্রেক্ষাপটে কোনো গোষ্ঠীগত দ্বন্দ্ব বা অভ্যন্তরীণ বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে কিনা, তা নিয়েও আলোচনা চলছে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন বলেন, ‘আমার প্রতিষ্ঠানের দুইজন শিক্ষকের নামে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা শিক্ষকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. মনজুরুল আলম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, পার্সেলগুলোর প্রেরকের ঠিকানা সিরাজগঞ্জ জেলার। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করে তদন্ত শুরু করা হবে।’

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর