দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে সিভি আহ্বান

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৩ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে দুদক পুনর্গঠন সংক্রান্ত বাছাই কমিটি।

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখার যুগ্মসচিব তানভীর আহমেদ বাছাই কমিটির নির্দেশক্রমে ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’-এর ধারা ৭ অনুযায়ী এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের দুর্নীতি দমন কমিশন আইনের ধারা ৮ (১) এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। তবে একই আইনের ধারা ৮ (২) অনুযায়ী কোনো ব্যক্তি অযোগ্য হিসেবে বিবেচিত হলে তিনি এই পদের জন্য যোগ্য হবেন না। 

আগ্রহী ব্যক্তিদের আগামী ১৩ জুলাই বিকাল ৪টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। তবে যারা এরই মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্রসহ আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনকারীদের জীবনবৃত্তান্তে নিজের নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পেশা বা চাকরির সুনির্দিষ্ট বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল নম্বর এবং ই-মেইল উল্লেখ করে স্বাক্ষরসহ দাখিল করতে হবে। আবেদনের সঙ্গে সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সপক্ষে সব সনদের কপি জমা দিতে হবে।

আগ্রহী ব্যক্তিরা দুইভাবে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন-

ক. বাংলাদেশ সচিবালয়ের ৫ নম্বর গেটে অবস্থিত কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়।

খ. মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর- ৯৩৫, ভবন নম্বর- ১, (নতুন) বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর