দুদক চেয়ারম্যান হচ্ছেন সাবেক বিচারপতি মোতাহার হোসেন!

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ১০:০২ পিএম

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ মার্চ দুদকের নতুন কমিশন গঠন করা হবে। আর এই কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে পারেন বিশেষ জজ আদালত-৩ এর সাবেক বিচারক মোতাহার হোসেন।

বিএনপির পছন্দের তালিকায় শীর্ষে থাকা এই সাবেক বিচারকের নাম ইতিমধ্যে আলোচনায় এসেছে। সদ্য পদত্যাগ করা আবদুল মোমেন দুদকের চেয়ারম্যান থাকার সময়ই বিএনপির পক্ষ থেকে মোতাহার হোসেনকে কমিশনের প্রধান করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে তখন অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার আপত্তিতে সেটি সম্ভব হয়নি। এবার আর সেই সুযোগ হাতছাড়া করতে চায় না বিএনপি।

মোতাহার হোসেন ২০১৩ সালের ১৭ নভেম্বর বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার সংক্রান্ত দুর্নীতির মামলার রায় দিয়েছিলেন। কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি তারেক রহমানকে বেকসুর খালাস দেন। সেসময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে সাজা দেওয়ার জন্য নানা চাপ সত্ত্বেও তা আমলে নেননি এই বিচারক।

সূত্র মতে, মিথ্যা রায় লিখতে রাজি না হওয়ায় একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে পিস্তল দেখিয়ে হত্যার হুমকিও দেন। পরে সরকারের পক্ষ থেকে রায় লিখে দিলেও এজলাসে নিজের লেখা রায়ই পড়েন মোতাহার হোসেন। এরপর সরকারের চাপে জীবনের নিরাপত্তায় তিনি আত্মগোপনে চলে যান এবং একপর্যায়ে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে আসেন মোতাহার হোসেন। 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন