শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিশ্চিন্তে ও আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অবস্থিত সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
হুইপ অপু বলেন, ‘জাতীয় নির্বাচনের পর গত সাত-আট মাসে সনাতনী সম্প্রদায়ের মধ্যে আগের মতো ভয় কাজ করছে না বলে অনেকেই আমাকে জানিয়েছেন। তারা এখন নিশ্চিন্তে ও আনন্দের সঙ্গে বসবাস করছেন।’
তিনি আরও বলেন, ‘এটি বর্তমান সরকারের প্রথম দুর্গাপূজা। সনাতনী ভাই-বোনেরা যাতে নিশ্চিন্তে ও আনন্দের সঙ্গে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী সব সংস্থাকে নির্দেশনা দিয়েছেন।’
সরকারি সহায়তার প্রসঙ্গে হুইপ বলেন, দুর্গাপূজা উপলক্ষে সহায়তা বাড়ানো হয়েছে। পাশাপাশি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জন্য পাঁচ কোটি টাকা বরাদ্দ এবং পূজা উদ্যাপন উপলক্ষে অতিরিক্ত এক দিনের সরকারি ছুটির কথাও তুলে ধরেন তিনি।
হুইপ অপু বলেন, ‘আমরা আশা করি, এবার পূজা অন্যান্য বছরের তুলনায় আরও সুন্দর ও আনন্দময় হবে।’
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসহায়তা প্রদান করেন।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
