দেশের প্রতিটি পেট্রোল পাম্পে নিয়োগ পাচ্ছেন ট্যাগ অফিসার

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

জ্বালানি ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও কার্যকারিতা আনার লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৭ মার্চ অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পাবেন। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এ দুই মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোর জন্য ট্যাগ অফিসার নিয়োগ দেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা। আর উপজেলা পর্যায়ে এ দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। নিজ নিজ এলাকার পাম্পগুলোর জন্যই তারা ট্যাগ অফিসার নিয়োগ করবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসির নির্ধারিত নির্দেশনা মেনে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিদিনের কার্যক্রম সম্পর্কে তাদের প্রতিবেদন জমা দিতে হবে।

দ্রুত সময়ের মধ্যে প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়ে প্রয়োজনীয় তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন