দেড় কোটি প্রবাসীর কল্যাণে সরকারের একগুচ্ছ পদক্ষেপ

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পিএম

বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে ১ কোটি ৫৫ লাখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। এই বিশাল জনশক্তির মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রবাসীদের প্রশাসনিক ও আইনি সহায়তাসহ তাদের পরিবারের সুরক্ষায় সরকার বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে।

রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজার এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বিদেশে প্রবাসীদের সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সংসদে মন্ত্রী জানান, প্রবাসী কর্মীদের আইনি ও প্রশাসনিক সেবা প্রদানে ২৭টি দেশে ৩০টি শ্রম কল্যাণ উইং কাজ করছে। এ ছাড়া মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় এবং আইনি সহায়তার জন্য ইতিমধ্যে ১১টি মিশনে শ্রম কল্যাণ ‘ল’ ফার্ম বা প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় কর্মীদের ট্রাভেল পাস সুবিধা প্রদান, জেলে আটক কর্মীদের আইনি সহায়তা ও কারামুক্তির ব্যবস্থা এবং নারী কর্মীদের জন্য বিভিন্ন দেশে ‘সেফ হোম’ পরিচালনা করা হচ্ছে। এমনকি রাজনৈতিক অস্থিরতা বা প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া কর্মীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে সরকার। সম্প্রতি ইরান থেকে বাংলাদেশি কর্মীদের বোর্ড কর্তৃক আর্থিক সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দেশের তিনটি বিমানবন্দরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নানা সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ফ্রি ওয়াইফাই, টেলিফোন, সংবাদপত্র এবং ‘প্রবাসী ক্যাফে’তে ৩০ শতাংশ ডিসকাউন্টে খাবারের ব্যবস্থা। এছাড়া অসুস্থ বা মৃত কর্মী পরিবহনের জন্য বিমানবন্দরে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী জানান, প্রবাসে মৃত কর্মীর পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান এবং মরদেহ দাফন বাবদ তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে। প্রবাস ফেরত অসুস্থ কর্মীদের চিকিৎসায় সহায়তা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে।

প্রবাসীদের মেধাবী সন্তানদের পড়াশোনার জন্য এইচএসসি ও স্নাতক পর্যায়ে শিক্ষা বৃত্তি এবং প্রতিবন্ধী সন্তানদের মাসিক ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। এছাড়া ২ লাখ ৪৩ হাজার বিদেশ ফেরত কর্মীকে পুনরায় একীভূতকরণ ও পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

যেকোনো সমস্যার দ্রুত সমাধানে ২৪ ঘণ্টা চালু রয়েছে ‘প্রবাস কল সেন্টার’। এ ছাড়া দেশের প্রতিটি জেলায় পুলিশ সুপার কার্যালয়ে ‘Expatriate Help Cell’ এর মাধ্যমে প্রবাসীদের সম্পদের সুরক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

লিখিত জবাবে মন্ত্রী আরও উল্লেখ করেন, বিগত সময়ে প্রবাসীদের কল্যাণমূলক বিষয়টি অবহেলিত থাকলেও বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর তাদের অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর