দ্রুত ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থিদের ৭ দাবি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

অবিলম্বে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ অনুসারীদের আগামী ইজতেমার তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সব মসজিদে বাধাহীনভাবে দাওয়াত ও তাবলিগের কাজ পরিচালনার সুযোগ দিতে সরকারি আদেশ জারির আহ্বান জানিয়েছেন তারা।

রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুরুল ইসলাম হলে ‘ওলামা হজরত ও তাবলিগের সাধারণ মুসল্লিদের’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শফিক বিন নাঈম।

তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ অনুসারীদের জন্য আগামী বিশ্ব ইজতেমার তারিখ অনতিবিলম্বে ঘোষণা করা। একই সঙ্গে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান সরকারের নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষের ইজতেমা ও ধর্মীয় অনুষ্ঠানের সময় তা ব্যবহারের অনুমতি এবং এ ক্ষেত্রে পক্ষদ্বয়ের মধ্যে সমতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ছাড়া কাকরাইল মসজিদ ‘তাবলিগ জামাত বাংলাদেশ’-এর হিসেবে তাদের প্রাপ্য দাবি করে সেটি তাদের বুঝিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দেশের সব মসজিদে যাতে বাধাহীনভাবে দাওয়াত ও তাবলিগের কাজ চলতে পারে এবং কেউ কাউকে বাধা না দেয়, সে জন্য সরকারি আদেশ জারির দাবি জানানো হয়। পাশাপাশি অপপ্রচার ও মিথ্যাচার রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

তাদের আরেক দাবিতে বলা হয়, জুবায়েরপন্থি (শুরায়ি নেজাম) পাঁচজন সব অপপ্রচার, মিথ্যাচার ও দুর্ঘটনার জন্য দায়ী। এসব ব্যক্তির আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ ও মোবাইল ট্র্যাকিং করে সব অপকর্মের মূলোৎপাটনের দাবি জানানো হয়।

সর্বশেষ দাবিতে বলা হয়, হজরত মাওলানা সাদ একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দ্বীন ইসলামের প্রচারক। তিনি হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর ৩৮তম বংশধর। তিনি কোরআন-সুন্নাহবিরোধী কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে তারা সমালোচকদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন