ধর্ম যার যার, বাংলাদেশ সবার: হুইপ দুলু

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১০:২৩ এএম

ধর্ম যার যার, বাংলাদেশ সবার বলে মন্তব্য করেছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হুইপ দুলু বলেন, ‘সাম্প্রতিক সময়ে রাজশাহী বিভাগে ৩৫১টি এবং নাটোরে ৩৫টি পূজা মণ্ডপ বেড়েছে। হিন্দু সম্প্রদায়ের নির্বিঘ্নে ও স্বাধীনভাবে পূজা উদযাপনের এই আগ্রহ একটি অত্যন্ত ইতিবাচক দিক।’

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গেছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আপনাদের মূল পরিচয় আপনারা বাংলাদেশি। বাংলাদেশ আপনাদের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র এ কথাটি সবাইকে মনে রাখতে হবে।’

এদিকে অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু তার ব্যক্তিগত তহবিল থেকে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫০টি মন্দিরে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা অনুদান দেন।

অনুষ্ঠানে নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক প্রসাদ কুমার বাচ্চা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সর্বশেষ সব খবর