সম্প্রতি, ‘নীলফামারীতে আওয়ামী লীগ নেতা আব্দুল কাউসারের ঘরবাড়িতে আগুন দিয়েছে’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
তবে অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি নীলফামারীতে আওয়ামী লীগের নেতা আব্দুল কাউসারের বাড়িতে আগুন দেওয়ার নয়। প্রকৃতপক্ষে, গত ২২ সেপ্টেম্বর ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আরও ৩ আসামির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর আরও এক অভিযুক্তের বাড়িতে এলাকাবাসী আগুন দেয়। সেই ঘটনার দৃশ্য এটি।
অনুসন্ধানে রংধনু টিভি নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৬ সেপ্টেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
রংধনু টিভি নামক একটি ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, গফরগাঁওয়ে ধর্ষকের বাড়িতে আগুন। এলাকাবাসী সূত্রে জানা যায়, গফরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে সন্তানের সামনে ধর্ষণের অভিযোগে ৪ আসামির বাড়ি ঘরে আগুন দেয়। সেই ঘটনার দৃশ্য এটি।
রংধনু টিভি নামক একটি ফেসবুক পেজটি পরিচালনাকারী স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ২২ এবং ২৬ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে আগুন দেওয়া হয়েছিল। এই ভিডিওটি ২৬ সেপ্টেম্বর নতুন করে আগুন দেওয়ার ঘটনার।
একই তথ্য জানিয়ে যুগান্তরের গফরগাঁও প্রতিনিধি তোফাজ্জল বলেন, ২৬ তারিখ অভিযুক্ত এনামুলের বাড়িতেও আগুন দেওয়া হয়েছিল। সেই ঘটনার ভিডিও এটি।
উল্লেখ্য, ডেইলি স্টারের ওয়েবসাইটে গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আরও ৩ আসামির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৯টার দিকে চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ি এলাকায় প্রধান আসামি শরীফের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে একই মামলার আসামি ফাহিম, রাজিব ও এনামুলের বাড়িতে আগুন দেয় স্থানীয়রা।
অন্যদিকে, নীলফামারীতে আব্দুল কাউসার নামের আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দেওয়ার কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি।
এছাড়া, একাত্তর টিভির নীলফামারী প্রতিনিধি বিজয় চন্দ্র চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এই নামের কোনো আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি।
অতএব, ময়মনসিংহের গফরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে আগুন দেওয়ার ভিডিওকে নীলফামারীর আওয়ামী লীগের নেতা আব্দুল কাউসারের বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।
