কুষ্টিয়ার মিরপুরে ধর্ষণ মামলায় রাজিব কুমার ঘোষ নামের যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল)-এর বিচারক এএইচ এম শফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবক রাজিব কুমার ঘোষ (২৫) কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি রাজিব ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে। পর বিয়ে আশ্বাস দিয়ে আরও কয়েকবার ধর্ষণ করা হয়। পরে বিয়ের কথা বললে আসামি অস্বীকৃতি জানায়। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ১১ ডিসেম্বর মিরপুর থানায় ধর্ষণের অভিযোগ এনে রাজিবকে আসামি করে মামলা করেন।
মামলাটির তদন্ত শেষে মিরপুর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মুরাদুল ইসলাম ২০২২ সালের ৩০ ডিসেম্বর রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল মজিদ বলেন, ধর্ষণ মামলায় আসামি রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য শুনানি শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
