সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। বৈঠকে মন্ত্রিপরিষদ সদস্য ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আজ সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবারের পর বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এই বৈঠকের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন তারেক রহমান এবং ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী।
