পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, নতুন সরকারের প্রতি বিদেশি রাষ্ট্রদূতদের গভীর আস্থা রয়েছে। তারা প্রত্যেকেই বাংলাদেশের সঙ্গে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এর আগে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে যৌথ সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতরা।
বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, গতকাল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠক হয়েছে। তিনি বলেন, তাদের কাছে আমাদের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরেছি। আমরা জানিয়েছি, আমাদের মূল লক্ষ্য ‘বাংলাদেশ ফার্স্ট’; সবার আগে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদা-এসব নীতির ভিত্তিতে আমাদের কার্যক্রম চলবে। আমরা প্রতিটি দেশের সঙ্গেই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক গড়ে তুলতে চাই।
তিনি উল্লেখ করেন, সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠক হয়েছে। তারা সকলেই নতুন সরকারের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন।
আমরাও তাদের জানিয়েছি, আমাদের পক্ষ থেকে গভীর সম্পর্ক গড়ে তুলতে আমরা আগ্রহী, জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, উভয়পক্ষের মধ্যে যেসব ইস্যু রয়েছে, সেগুলো পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে সমাধান করা সম্ভব হবে-যেন সবার স্বার্থ ও জাতীয় স্বার্থ থাকে সুরক্ষিত।
