বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, অর্থনীতি ও জনমুখী সব বিষয়ে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান। তিনি উল্লেখ করেন, দুই দেশের ভৌগোলিক নৈকট্যকে নতুন অর্থনৈতিক সুযোগে রূপান্তর করা সম্ভব। একসঙ্গে কাজ করলে উভয় দেশই আরও বেশি অগ্রগতি অর্জন করতে পারবে বলে মতপ্রকাশ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বৈঠকে জানান, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১১ বিলিয়ন ডলার। আগামী দিনে বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে স্থলবন্দর চালুর বিষয়েও আলোচনা হয়। বর্তমানে বেনাপোল-পেট্রাপোল বন্দর চালু রয়েছে। অন্যান্য স্থলবন্দর চালু করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান হাইকমিশনার।
বাংলাদেশের বিভিন্ন রপ্তানি পণ্যে ভারতের আরোপিত নিষেধাজ্ঞার প্রসঙ্গও বৈঠকে তোলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, গত দেড় বছরে উভয় পক্ষের নেওয়া কিছু পদক্ষেপের কারণে বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তবে বাণিজ্য প্রসারের পথ উন্মুক্ত হলে এসব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে ভারতীয় হাইকমিশনার দেশটির অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।
