ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য (এমপি) শপথ গ্রহণ করবেন আগামীকাল রবিবার। আজ শনিবার (১১ এপ্রিল) সংসদ সচিবালয় সূত্র থেকে এ তথ্য জানা যায়।
রবিবার জাতীয় সংসদ ভবনে বেলা ১২টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের শপথ বাক্য পাঠ করাবেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে গত বৃহস্পতিবার বগুড়া-৬ আসনের (সদর) উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম (বাদশা) বেসরকারিভাবে জয়ী হন। তিনি ৭৬ হাজার ৭৭২ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী আবিদুর রহমানকে (সোহেল) পরাজিত করেন।
একই দিন অনুষ্ঠিত শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক (রুবেল)। তিনি ১ লাখ ১৯ হাজার ৬৬ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মাসুদুর রহমানকে পরাজিত করেন।
