নবীনগরে আবারও প্রকাশ্যে গুলি, এক যুবক গুরুতর আহত

বাংলাদেশ চিত্র
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে ইমন (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। সোমবার(১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের বাধ্যকর পাড়া মসজিদ সংলগ্নে এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইমন মিয়া, থোল্লাকান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে। পরে গুলিবিদ্ধ ইমনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, বড়িকান্দি ইউনিয়নের মনেক ডাকাত ও রিফাত বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২০২৫ সালের (১ নভেম্বর) রিফাত বাহিনীর হামলায় মনেক ডাকাতের ছেলে শিপনসহ দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সেই ঘটনার মামলায় সাক্ষী ছিলেন ইমনের ছোট ভাই সনেট। এছাড়াও ইমন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছিল। এনিয়েও ওই প্রতিপক্ষের লোকজন তার ওপর ক্ষুব্ধ ছিল। এরই জের ধরে আজ সন্ধ্যায় ইমন থোল্লাকান্দি গ্রামের বাধ্যকর পাড়া মসজিদ সংলগ্নে এলাকায় রাস্তার পাশে অবস্থান করাকালে ১০-১২ জন অস্ত্রধারী দুর্বৃত্তরা সিএনজি যুগে এসে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। এতে ইমন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে স্বজনের গুলিবিদ্ধ ইমনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, যুবক গুলিবিদ্ধ হবার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। ঘটনার তদন্তপূর্বক জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

বাংলাদেশ চিত্র অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন